Sylhet Today 24 PRINT

সাবেক কাউন্সিলর লায়েক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৩ নভেম্বর, ২০২৪

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ লায়েককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
 
তিনি বলেন, ভোর রাতে রাজধানী ঢাকার একটি আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।  

এরপর তাকে সড়ক পথে ঢাকা থেকে সিলেটে আনা হয়। দীর্ঘ যাত্রায় অসুস্থতাবোধ করার কারণে সন্ধ্যা ৭টার দিকে তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করানোর পর কোতোয়ালি মডেল থানা হেফাজতে নিয়ে যাওয়া হয়।  

আবুল কালাম আজাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করা হবে বলে জানান জিয়াউল হক।

জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড চাওয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।  

এর আগে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর সিসিকের আওয়ামীপন্থি কাউন্সিলররা আত্মগোপনে চলে যান। ওই সময় থেকে সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ লায়েকও আত্মগোপনে ছিলেন। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.