Sylhet Today 24 PRINT

ইসকন দিয়ে অরাজকতা প্রতিবেশিসুলভ নয়: আসাদুজ্জামান ফুয়াদ

নিজস্ব প্রতিবেদক |  ২৯ নভেম্বর, ২০২৪

আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘আমরা দেখছি আওয়ামী দুর্বৃত্তদের মতোই এখন নতুন করে হাট, ঘাট ও মাঠ দখলের মহড়া চলছে। এভাবে দেশ চলতে পারে না এবং ইসকন দিয়ে অরাজকতা তৈরি প্রতিবেশিসুলভ আচরণ নয়।’

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা ও মহানগর এবি পার্টির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘বিগত পনের বছর ধরে একটি আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাস জনগণের বুকের ওপর জগদ্দল পাথরের মতো জেঁকে বসেছিলো। জনগণের হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশে পাচার করেছে। জনগণের অধিকার হরণ করে দাসে পরিণত করার চেষ্টা করেছে। যা এদেশের ছাত্র-জনতা মেনে নেয়নি। স্নাইপারের গুলির সামনে বুক পেতে দিয়ে ছাত্র-জনতা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। হাজার মানুষকে হত্যার পর আজও আওয়ামী লীগের কোন অনুশোচনা নাই। এখন নতুন করে অনেকের মুখে আমরা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিতে দেখছি।’

সভায় গণঅভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে অধিকারভিত্তিক বাংলাদেশ গড়ার উদাত্ত আহ্বান জানান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

বিশেষ অতিথির বক্তব্যে মো. আলতাফ হোসাইন বলেন, ‘সিলেটবাসী বাংলাদেশের প্রত্যেকটি আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। গণঅভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি চাঁদাবাজ পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। তিনি ফ্যাসিবাদের পতনের পর নতুন বাংলাদেশ গড়ার আন্দোলনে শরিক হওয়ার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।’

জনসভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টির জেলা যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক, যুগ্ম সদস্যসচিব জাহাঙ্গীর হোসেন, মহানগর যুগ্ম সদস্য সচিব আক্তার হোসেন, খলিল তাপাদার, যুব পার্টির সমন্বয়ক এম তানজিল হাসান, ছাত্র পক্ষের নেতা রিজওয়ানুল বারীসহ স্থানীয় নেতারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.