Sylhet Today 24 PRINT

যমুনা অয়েলের ‘স্বাধীন পরিচালক’ হলেন সিলেটের সালেহ আহমদ খসরু

নিজস্ব প্রতিবেদক |  ০৫ ডিসেম্বর, ২০২৪

যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের (জেওসিএল) পরিচালনা পর্ষদের ‘স্বাধীন পরিচালক’ মনোনীত হয়েছেন সিলেটের সালেহ আহমদ খসরু। সিলেট বিএনপির জ্যেষ্ঠ এ নেতা রাজনীতির বাইরেও কবি, লেখক, বাচিকশিল্পী ও সমাজকর্মী হিসেবে পরিচিত।

গত ২৬ নভেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে (স্মারক নং-২৪ তারিখ ২৬/১১/২০২৪) বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। এতে কোম্পানির স্বাধীন পরিচালক হিসেবে সালেহ আহমদ খসরুকে অন্তর্ভুক্তির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করা হলো।

সালেহ আহমদ খসরু অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সংকর প্রসাদ দেবের স্থলাভিষিক্ত হয়েছেন।

সালেহ আহমদ খসরু সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মরহুম মজির উদ্দিন আহমদ চৌধুরী ও শামসি খানম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র। সিলেট মহানগর বিএনপি’র সাবেক সহসভাপতি ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক সালেহ আহমদ খসরু সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্বদানকালে পুলিশের গুলিতে আহত হন। দেশের প্রাচীনতম সাহিত্য প্রতিষ্ঠান মুসলিম সাহিত্য সংসদের অন্যতম পৃষ্ঠপোষক সদস্য সালেহ আহমদ খসরু রাজনীতির পাশাপাশি সাহিত্যচর্চায় নিবেদিত। সংবাদপত্রে নিয়মিত কলাম লেখেন। তার প্রকাশিত গ্রন্থগুলো হচ্ছে-ফুটেছে সন্ধ্যামালতী (কাব্যগ্রন্থ), বীর বিক্রমের সাথে এক দুপুর থেকে আরেক দুপুর (বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সিলেটে পরিচালিত যুদ্ধকথা), মাধবীলতার সংসার (কাব্যগ্রন্থ), অনলে তুষার (কলাম)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.