Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে যুবলীগ নেতার বাড়িতে আগুনে ২ নারীর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২৪

মৌলভীবাজারের মোস্তফাপুর ইউনিয়নের এক যুবলীগ নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় শ্বাসরোধে দুজনের মৃত্যু হয়েছে।

রোববার (৮ ডিসেম্বর) রাতে শহরতলীর মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে‌ন।

যুবলীগ নেতার নাম শেখ রুমেল আহমদ। তিনি মোস্তফাপুর ইউনিয়নের সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি।

অগ্নিকাণ্ডে শ্বাসরোধ হয়ে মৃতরা হলেন- সাবেক ইউনিয়ন চেয়ারম্যানের মা মেহেরুন্নেসা (৭০) ও চাচি ফুলেছা বেগম (৬৫)।

মৌলভীবাজার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার যীশু তালুকদার বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখি বাড়িতে থাকা মেহেরুন্নেসা ও ফুলেছা বেগম আগুনের ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার হাসপাতালে পাঠানো হলে কর্তব্য চিকিৎসক তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

তিনি আরও জানান, ডুপ্লেক্স বাড়িটি বিভিন্ন জাতের বোর্ড দিয়ে ডেকোরেশন করা ছিল। বৈঠকখানায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.