Sylhet Today 24 PRINT

প্রচণ্ড কুয়াশায় ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা-সিলেট মহাসড়ক

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৮ ডিসেম্বর, ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রচণ্ড কুয়াশার মধ্যে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ সময় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

 শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের দেওয়ান ট্রাকের পেছনে বাসের ধাক্কায় বাসের দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নরসিংদী সদর থানাধীন কামাল হোসেন ছেলে শ্রাবণ মিয়া ও অপর নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, শনিবার গভীর রাতে প্রচণ্ড কুয়াশার মধ্যে সিলেট থেকে ঢাকাগামী লিমন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কান্দিগাঁও নাঈমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্রই সামনে থাকা একটি বালুবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসে থাকা অজ্ঞাত দুজন পুরুষ নিহত হন।

এ ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস, গোপলার বাজার তদন্ত কেন্দ্র ও শেরপুর হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.