Sylhet Today 24 PRINT

শাপলা বিল দেখে ফেরার পথে দুর্ঘটনায় নিহত ৩

সিলেটটুডে ডেস্ক |  ২০ ডিসেম্বর, ২০২৪

সিলেটের জৈন্তাপুরে শাপলা বিল দেখে ফেরার পথে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর উপজেলার বাঘেরসড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভার ৯নং ওয়ার্ডের তাতিকোনা গ্রামের সৈয়দ জুনেদ আলমের ছেলে মহান (১৭), একই গ্রামের সৈয়দ জাহাঙ্গীর আলমের ছেলে তাহমিদ আহমদ (২০) ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ খলাবাড়ি গ্রামের আবদুল হাশিমের ছেলে হাফিজুর রশিদ (১৯)। নিহত মহান ও তাহমিদ আপন চাচাতো ভাই।

এ দুর্ঘটনায় মাহি (২১) নামের আরও একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রেখে চিকিৎসা চলছে। মাহি সুনামগঞ্জ জেলার ছাতকের মণ্ডলিভোগ গ্রামের জামিল আহমদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার চার তরুণ ও কিশোর প্রাইভেটকারযোগে শুক্রবার ভোরে সিলেটের জৈন্তাপুর উপজেলার শাপলা বিল বেড়াতে আসে। ফেরার পথে বেলা ১১টার দিকে সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের বাঘেরসড়ক এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুজন। প্রাইভেটকার থেকে আরও তিনজনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে আরও একজন মারা যায়।

জৈন্তাপুর থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, দুজন ঘটনাস্থলেই মারা গেছে। ওসমানী হাসপাতালে নেওয়ার পর আরেকজন মারা গেছে। ঘটনাস্থলে মারা যাওয়া দুজনকে ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপসহকারী পরিদর্শক (এএসআই) মুহিবুর রহমান বলেন, হাসপাতালে আনার পর হাফিজুর রশিদ নামে একজন মারা গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.