Sylhet Today 24 PRINT

সিলেটে ৩ কোটি টাকার চোরাচালান জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ২২ ডিসেম্বর, ২০২৪

সিলেটে অভিযান চালিয়ে তিন কোটি দুুই লাখ টাকার চোরাই মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি।

শনিবার (২১ ডিসেম্বর) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় একাধিক অভিযান চালিয়ে এসব চোরাই পণ্য জব্দ করা হয়।

৪৮ বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বিছনাকান্দি, কালাইরাগ, লাফার্জ, কালাসাদেক, শ্রীপুর, প্রতাপপুর, নোয়াকোট, সোনারহাট, দমদমিয়া, বাংলাবাজার ও উৎমা বিওপির জোয়ানরা অভিযান চালায়। অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি পিস, বিভিন্ন প্রকার কাপড়, গরু, চিনি, ফুচকা, জিরা, কিসমিস এবং বাংলাদেশ হতে পাচারকালে রসুন, শিং মাছ ও মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া চোরাচালান পণ্য পরিবহনে ব্যবহৃত ইজিবাইক জব্দ করেছে বিজিবি। জব্দকরা চোরাই মালামালের আনুমানিক মূল্য তিন কোটি দুই লাখ সাত হাজার ৫০০ টাকা।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ঊর্ধ্বতন সদরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটক চোরাচালানী মালামালসমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.