Sylhet Today 24 PRINT

সিলেট সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নেওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক |  ২৫ ডিসেম্বর, ২০২৪

ফাইল ছবি

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল এলাকার সোনাটিলা সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী (বিএসএফ)। ভারতে অনুপ্রবেশের দায়ে তারা আটক হয় এমন অভিযোগ উঠেছে।

রোববার রাতে সীমান্তসংলগ্ন এলাকা থেকে তাদের ধরে নেওয়া হয়। গত সোমবার ভারতের মেঘালয় রাজ্যের জোয়াইন পুলিশ স্টেশনে বিএসএফ তাদের হস্তান্তর করে।

তবে এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, বিষয়টি বিভিন্ন সোর্সের মাধ্যমে শুনেছি; কিন্তু এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেননি। এমনকি গোয়াইনঘাট থানায়ও জানানো হয়নি হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ও পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নান বলেন, ধরে নিয়ে যাওয়া হয়েছে এমন কয়েকজন শ্রমিকের স্বজনের সঙ্গে যোগাযোগ করে তাদের অবস্থান জানতে চেয়েছি। যাদের ধরে নিয়ে গেছে তারা গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা কেন সীমান্তে গিয়েছিলেন বা কিভাবে বিএসএফ তাদের ধরে নিয়ে গেছে সে বিষয়টি নিশ্চিত করে বলতে পারছি না।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার মো. তোফায়েল বলেন, বিএসএফ কর্তৃক ধরে নিয়ে যাওয়া ১৩ যুবক চোরাইপণ্য আনতে গিয়ে ধরা পড়েছে, এমন খবর পেয়েছি। এর বেশি কোনো কিছু জানা যায়নি। আমরা খবর নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.