Sylhet Today 24 PRINT

সিলেটে থার্টি ফার্স্ট নাইটে গান-বাজনা নিষিদ্ধ

সিলেটটুডে ডেস্ক |  ৩১ ডিসেম্বর, ২০২৪

প্রতীকী ছবি

সিলেট মহানগরীতে থার্টি ফার্স্ট নাইটে সব রকম গান-বাজনা, হর্ন বাজানো, বাজি পোড়ানো, পটকা ফোটানো, ঢাক-ঢোল বাজানো, লাউডস্পিকার ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করেছে মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এসএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‘সিলেট মহানগর এলাকায় সকল প্রকার গান বাজনা,বাদ্য বাজনা, হর্ন বাজানো, বাজি পোড়ানো, পটকা ফুটানো, ঢাক ঢোল বাজানো, লাউডস্পিকার ব্যবহার, বিস্ফোরক দ্রব্য বহন এবং মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ও মাদকদ্রব্য বিক্রয় ও ব্যবহার নিষিদ্ধ’ প্রসঙ্গে শীর্ষক বিজ্ঞপ্তিটি গণবিজ্ঞপ্তি হিসেবে উল্লেখ করা হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার নিমিত্তে আমি মো. রেজাউল করিম, পিপিএম-সেবা, পুলিশ কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ, সিলেট মহানগর পুলিশ আইন-২০০৯ এর ২৭(১) (ছ)(ড), ২৯(ঙ) (চ) ও ৩০(১) (খ) ধারায় অর্পিত ক্ষমতাবলে সিলেট মহানগর এলাকায় ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ (থার্টি ফার্স্ট নাইট) উদযাপন উপলক্ষে সকল প্রকার গান বাজনা, বাদ্য বাজনা, হর্ন বাজানো, বাজি পোড়ানো, পটকা ফোটানো, ঢাক ঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ করা হলো।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ১৯(১) ধারায় অর্পিত ক্ষমতাবলে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে পরদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মাদকদ্রব্যের দোকান বা পানশালা বন্ধ ও যে কোনো ধরণের মাদকদ্রব্য যথা- দেশি ও বিদেশি মদ, স্পিরিট/অ্যালকোহল, ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, হেরোইন, প্যাথেডিন ইত্যাদি নেশাজাতীয় দ্রব্য বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হলো। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.