নিজস্ব প্রতিবেদক | ০২ জানুয়ারী, ২০২৫
বাংলাদেশ-ভারত সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করা দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, ভারতের মেঘালয় রাজ্যের ইস্ট খাসিয়া হিল জেলার সাইগ্রাম থানার কালাটেক গ্রামের তুফান বিশ্বাসের ছেলে নান্টু বিশ্বাস (২২) এবং একই গ্রামের রাজেন্দ্র বিশ্বাসের ছেলে সুবোধ বিশ্বাস (৬৫)।
বিজিবির সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর লাফার্জ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৩৯/এমপি হতে আনুমানিক ৯০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শ্যামারগাঁও নামক স্থান থেকে তাদের আটক করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়ের করে দোয়ারাবাজার থানায় হন্তান্তর করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এরআগে বুধবার (১ জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পৃথক অভিযানে দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি।