Sylhet Today 24 PRINT

লাখাইয়ে বিল দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি |  ১০ জানুয়ারী, ২০২৫

হবিগঞ্জের লাখাইয়ে বিলের দখল নিয়ে দুই বিএনপি নেতার অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩০ জন আহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে সিলেট ও ব্রাহ্মণবাড়িয়া পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যার পর থেকে রাত ৯টা পর্যন্ত এই সংঘর্ষ হয় উপজেলার স্বজনগ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, লাখাই ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আরিফ আহমদ রুপন ও বিএনপি নেতা হারিছ মিয়ার মধ্যে খাইঞ্জা নামে একটি বিলের দখল নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে মামলা চলছে। বুধবার সন্ধ্যার পর দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় উভয়পক্ষ টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে নারী-পুরুষসহ অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বন্দে আলী জানান, বিলের দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.