নিজস্ব প্রতিবেদক | ১০ জানুয়ারী, ২০২৫
সিলেট মহানগরীর আল হামরা শপিং সিটির নূরানী জুয়েলার্সে চুরির ঘটনা ঘটেছে। এসময় দোকান থেকে প্রায় ২৫০ ভরি সোনা চুরি হয়ে গেছে।
বুধবার (৮ জানুয়ারি) রাতে অথবা বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালের কোনো এক সময় এই ঘটনা ঘটে।
সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ ও আল হামরা শপিং সিটি ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন।
নূরানি জুয়েলার্সের স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী বলেন, শাটারের তালা ভেঙে এসব সোনা চুরি করে নিয়ে যাওয়া হয়। সোনা লুটে নিয়ে যাওয়ার সময় দোকানে নতুন তালা লাগিয়ে দেয় চোরেরা। দোকানে প্রায় আড়াইশ ভরি সোনা ছিল। এসব সোনার দাম আনুমানিক সাড়ে তিন কোটি টাকা হবে।
তিনি বলেন, দোকানে সিসি ক্যামেরা ছিল। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। এতে চোর বা চোরদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। যাদের সন্দেহ হচ্ছে তাদের জিজ্ঞাসাবাদ করছে।
জাবেদ চৌধুরী বলেন, এই মার্কেটে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেনি। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো। বাইরের কেউ এই কাজ করতে পারবে না। ভেতর থেকে কেউ এই ঘটনা ঘটিয়েছে। কিন্তু কে করেছে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।
এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি রহস্যজনক। দোকান মালিক মৌখিকভাবে বিষয়টি জানিয়েছেন। রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ করছে। দোকানের সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ ও মোবাইলের কল লিস্ট ধরে কাজ করা হচ্ছে।