Sylhet Today 24 PRINT

সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০২৫

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে প্রায় সাড়ে ৫ কোটি টাকার চোরাচালানের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।

বাহিনীটির ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল টিম বৃহস্পতিবার দিবাগত রাত (২৪ জানুয়ারি) ও শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব জব্দ করে।

শুক্রবার বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ৪৮ ব্যাটালিয়নের  দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী বাংলাবাজার, শ্রীপুর, লবিয়া, কালাসাদেক, সোনারহাট, লাফার্জ, দমদমিয়া, বিছনাকান্দি ও সংগ্রাম বিওপি’র জোয়ানরা অভিযান পরিচালনা করে ভারত থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ ব্যাটারি, চিনি, গরু, মহিষ, ক্রিম, চকলেট, জিরা, কম্বল, কমলা, কোয়েকার ওটস, ফুচকা, মদ এবং বাংলাদেশ থেকে পাচারকালে শিং মাছ জব্দ করেন।

জব্দকৃত চোরাই পণ্যের মূল্য ৫ কোটি ২২ লাখ ১৬ হাজার ৭০০ টাকা বলে জানেয়েছে বিজিবি।

এছাড়া চোরাই পণ্য পরিবহণে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ করা হয়।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান (পিএসসি) জানান- সীমান্ত সুরক্ষা ও চোরাচালন রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় আমরা উল্লেখযোগ্য পরিমাণ চোরাচালান মালামাল জব্দ করতে সক্ষম হয়েছি। আটক করা মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.