Sylhet Today 24 PRINT

রিজেন্ট রিসোর্টে হামলা : ছাত্রদল নেতাসহ ৩০৬ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জানুয়ারী, ২০২৫

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম এলাকায় রিজেন্ট পার্ক রিসোর্টে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাতে ছাত্রদল নেতাসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

তিনি জানান, রিজেন্ট পার্ক ও রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক হেলাল উদ্দিন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে  এসএমপির মোগলাবাজার থানায় ৬ জনের নামোল্লেখ করে ও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা রেখে দন্ডবিধির ১৪৪, ৪৪৭, ৪৪৮, ৪২৭, ৪৩৬, ৩৭৯, ৩৪ ধারায় মামলা দায়ের করেন।

পুলিশ সূত্রে জানা যায়, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সালেহকে প্রধান আসামি করে মামলাটি দায়ের করা হয়। এ ছাড়া ছাত্রদলের কর্মী আলাউদ্দিন ফারাবি, সানোয়ার বখত রাহিন, হুসাইন আহমদ, কবির আহমদ, সুমন আহমদের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করা হয়েছে ২৫০ থেকে ৩০০ জনকে।

প্রসঙ্গত, গত রোববার দুপুরে সিলেটের দক্ষিন সুরমার সিলাম এলাকার রিজেন্ট পার্ক এন্ড রিসোর্টে হামলা চালায় স্থানীয় কিছু লোক। এসময় তারা রিসোর্টে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। রিসোর্টের বিভিন্ন কক্ষে অবস্থান করা ১২ তরুণ-তরুণীকে আটক করে তারা। পরে কাজী ডেকে এনে তাদের মধ্যে ৮ জনকে বিয়ে দিয়ে দেওয়া হয়। এ ঘটনায় দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.