Sylhet Today 24 PRINT

কমিটিতে ‘আ.লীগ পন্থিরা’, বড়লেখায় বিএনপির বঞ্চিতদের মাঝে ক্ষোভ-অসন্তোষ

মৌলভীবাজার প্রতিনিধি |  ৩০ জানুয়ারী, ২০২৫

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের কয়েকজন দোসরদের স্থান দেওয়ার অভিযোগ উঠেছে। বাদ দেওয়া হয়েছে ত্যাগীদের। আহ্বায়ক কমিটিতে পদ বঞ্চিত নেতারা এমন অভিযোগ করেছেন। এ নিয়ে পদ বঞ্চিত নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

গত বুধবার দুপুরে বড়লেখা উপজেলা সদরে সংবাদ সম্মেলন করে বঞ্চিত নেতা-কর্মীরা এমন অভিযোগ তুলেছেন। এ সময় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মুজিব রাজা চৌধুরী ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি ময়নুল হক।

এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বড়লেখা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত সেলিম, বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সহ প্রচার সম্পাদক জালাল আহমদ তালাল, বড়লেখা পৌর বিএনপির সাবেক সহ সভাপতি সেলিম চৌধুরী, বর্তমান পৌর কমিটির আহ্বায়ক সদস্য মখলিছুর রহমান, আবু সুফিয়ান, বিএনপি নেতা আব্দুস শুক্কুর চৌধুরী, ছাদ উদ্দিন, মামুনুর রহমান, শামিম আহমদ, আব্দুর রহিম প্রমুখ।

এ ছাড়া ত্যাগীদের বাদ দিয়ে আওয়ামী লীগের সুবিধাভোগীদের পদ দেওয়া হয়েছে দাবি করেন ওই উপজেলার সব ইউনিয়নের নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার ত্যাগি নেতাদের অবমূল্যায়ন করে আওয়ামী লীগের অপশাসনের সহযোগি, সাবেক আওয়ামী লীগ নেতা, মন্ত্রী এবং উপজেলা চেয়ারম্যান, মেয়র ও আওয়ামী লীগ নেতাদের সাথে সখ্যতা গড়ে ব্যক্তিগত স্বার্থ হাছিলকারিদের আহ্বায়ক কমিটিতে গুরুত্বপূর্ণ পদে আসীন করা হয়েছে।

তারা বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ত্যাগী, সাহসী, সৎ, পরিশ্রমী, দক্ষ নেতাদের নিয়ে কমিটি গঠন করা জরুরী। তা হবে দলের জন্য কল্যাণের। আর তা না হলে দলের জন্য আর্শিবাদ না হয়ে অভিশাপ হবে।

সংবাদ সম্মেলন শেষে কথা হয় বিএনপির কয়েকজন নেতার সাথে। তারা ক্ষোভের সাথে বলেন, আমরা যখন দলের দুর্দিনে কর্মসূচিতে অংশ গ্রহণ করতাম তখন অনেক নেতাকে ফোন করে পাওয়া যেত না। তারা নানা বাহানায় কর্মসূচিতে অংশ গ্রহণ থেকে বিরত থাকতেন। আজ পরিবর্তিত পরিস্থিতিতে তারা দলের বড় নেতা হয়ে গেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.