Sylhet Today 24 PRINT

আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

আজমিরীগঞ্জ প্রতিনিধি |  ০১ ফেব্রুয়ারী, ২০২৫

আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি  বুধবার (২৯ জানুয়ারি) সামাজিক  যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পর থেকে আজমিরীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দের মাঝে ক্ষোভ দেখা দেয়। এরই প্রেক্ষিতে আজমিরীগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ শনিবার আনুমানিক বিকেল ৫ ঘটিকায় আজমিরীগঞ্জ উপজেলায় ব্যর্থ ও অযোগ্য আহ্বায়ক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন।

প্রতিবাদ মিছিলে আজমিরীগঞ্জ উপজেলা কমিটিকে ব্যর্থ ও অযোগ্য আখ্যা দিয়ে ‘কমিটি মানি না মানবো না’, ‘আব্দুল্লাহর কমিটি মানি না মানবো না’, স্লোগান দেয়া হয়।

জানা যায়, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের ছোট ভাই সামসুল আলমকে সিনিয়র যুগ্ন আহবায়ক করে ২০১৯ সালে ৩১ সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়া হয়। কিন্তু ৫ বছর ৩ মাসে আজমিরীগঞ্জ উপজেলার কোন ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি সহ তার নিজের ওয়ার্ড কমিটি গঠন করতে পারেননি উপজেলার দায়িত্বশীলরা।

এরপর গত ২৪ জানুয়ারি উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কিন্তু গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব আজমিরগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা না করে তার ছোট ভাইকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক করে আরেকটি কমিটি অনুমোদন করে দেন। তারপর থেকে আজমিরিগঞ্জ বিএনপি'র নেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

শনিবার মিছিল শেষে পথসভায় সভাপতিত্ব করেন সাবেক যুগ্ন আহবায়ক ইসমাইল হোসেন সরস ও পরিচালনা করেন মোশারফ হোসেন বাবুল। এতে উপজেলা বিএনপি'র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.