Sylhet Today 24 PRINT

নগরীতে হোটেল থেকে ফার্মেসি কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০২ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেটে আবাসিক হোটেল থেকে এক ফার্মেসির কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পার্শ্ববর্তী হোটেল শিরিনের ১৪ নম্বর কক্ষ থেকে কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ সুত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মো. বাবুল মিয়া (৪৮) নামের ওই ব্যক্তি সিলেটের ওসমানীনগর উপজেলার মাটিহানি গ্রামের মৃত ইছাক আলীর ছেলে। তিনি ওসমানী হাসপাতালের নিকটবর্তী জাউয়া ফার্মেসিতে কাজ করতেন।

ফার্মেসির মালিক জীবন আহমদ জানান, শুক্রবার রাতে ডিউটি শেষে বাবুল মিয়া হোটেলে ঘুমাতে যান। ওই হোটেলে তিনি প্রায় দেড় বছর ধরে রুম ভাড়া নিয়ে থাকছেন। শনিবার সন্ধ্যা পর্যন্ত ফার্মেসিতে না আসায় তাকে হোটেলে খুঁজতে গেলে রুম ভেতর থেকে বন্ধ দেখে ও সাড়া শব্দ না পেয়ে তাঁর পরিবার ও পুলিশকে খবর দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের উপস্থিতিতে রুমের দরজা ভেঙে ভেতরে বাবুলের মৃতদেহ দেখতে পাওয়া যায়।
 
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি স্বাভাবিক মৃত্যু। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.