Sylhet Today 24 PRINT

‘সিলেটের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাঙচুর করা হবে না’

আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় ছাত্র সমন্বয়কদের আশ্বাস

নিজস্ব প্রতিবেদক |  ০৯ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সদর দপ্তরে সাম্প্রতিক আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এসএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে এসএমপির পুলিশ কমিশনার মো. রেজাউল করিমের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট রেঞ্জ ডিআইজি মো. মুশফেকুর রহমান, কর্নেল জিএস ডিজিএফআই সিলেট, বাংলাদেশ সেনাবাহিনী ৩৪ বীর এর মেজর মেহেদী হাসান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ছাত্র সমন্বয়ক, ব্যবসায়ী নেতা, সাংবাদিক নেতা,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতাসহ এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

সভায় রাজনৈতিক দলের নেতাগণ ও ছাত্র সমন্বয়গণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার, মামলাসমূহের তদন্ত দ্রুত সম্পন্ন করা এবং জুলাই আগস্ট মাসে অবৈধ অস্ত্র প্রদর্শনকারীদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান। পাশাপাশি পতিত স্বৈরাচারের দেশবিরোধী ষড়যন্ত্র ও তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ ও চুরি, ছিনতাই প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা এবং ফুটপাত দখলমুক্ত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ ও সমন্বয়করা সিলেটবাসীকে আশ্বস্ত করেছেন যে, শহরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ করা হবে না বা কোনো নিরীহ ব্যক্তি হয়রানির শিকার হবে না।

সভায় পুলিশ কমিশনার বলেন, প্রকৃত অপরাধী যে-ই হোক, তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। বর্তমান অন্তর্র্বতীকালীন সরকারের অধীনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকলের ঐক্য ও সহযোগিতার কারণে সিলেটে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়, যা থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ সবাই মিলে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে।

অপরাধ দমনে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, কোনো দুষ্কৃতিকারী যেন পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেদিকে সবার নজর রাখতে হবে। কোনো অপরাধীর সন্ধান পাওয়া গেলে তাৎক্ষণিক আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করেন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.