Sylhet Today 24 PRINT

রাজা জি.সি. হাই স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

সিলেটটুডে ডেস্ক |  ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজা গিরিশচন্দ্র মাধ্যমিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালা৷

সহকারী শিক্ষক গাউসিয়া চৌধুরীর সঞ্চালনায় ও প্রধান শিক্ষক ও ক্রীড়া উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ আব্দুল মুমিতের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি অশোক কুমার রায়, সহকারী প্রধান শিক্ষক হাছিনা মমতাজ, ক্রীড়া শিক্ষক মানিক খানসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

এর আগে, সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রায় ৪০টি ইভেন্টে অংশ নেয় শিক্ষার্থীরা। এসব প্রতিযোগিতা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিগণ। বিজয়ীর পুরস্কার হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।  

প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নুরের জামান চৌধুরী খেলাধূলার শিক্ষাকে পরবর্তী জীবনে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন৷

প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্যের ধারা অক্ষুণ্ণ রাখতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজন অব্যাহত থাকবে বলে জানান প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মুমিত।

পড়ালেখার পাশাপাশি খেলাধূলার  মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক উৎকর্ষতা অর্জন করে সুস্থ জাতি গঠনে ভূমিকা রাখবে, প্রত্যাশা সংশ্লিষ্টদের।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.