জগন্নাথপুর প্রতিনিধি | ০২ ফেব্রুয়ারী, ২০১৬
জগন্নাথপুর পৌরসভার নব-দায়িত্বপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছিলেন। আপনারা আমাকে নির্বাচিত করার মাধ্যমে প্রধানমন্ত্রীকে আরো সম্মানিত করেছেন। তাই আমাদের পৌরসভার কাঙ্খিত উন্নয়নে সরকারের সবচেয়ে বেশি আন্তরিকতা রয়েছে। আমি আগামী ৫ বছরে সরকারের সহযোগিতা নিয়ে জগন্নাথপুর পৌরসভাকে একটি ডিজিটাল পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
তিনি আরো বলেন, বিগত দিনে বিদায়ী মেয়র আক্তার হোসেন অত্যান্ত দক্ষতা ও সততার সাথে দায়িত্ব পালন করে গেছেন। তিনি আমাদের কাছে সফতার মডেল হয়ে থাকবেন।
বিদায়ী মেয়র আক্তার হোসেন বলেন, বিগত ৫ বছর জনগণের দায়িত্ব পালনকালে যে টুকু সাফল্য অর্জন করেছি, তা জনগণের জন্য। আর সকল ব্যর্থতা আমার। দায়িত্ব পালনকালে কোন প্রকার ভূলত্রুটি হলে ক্ষমা করে দেয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে পৌরসভা প্রাঙ্গণে ও হলরুমে পৃথক সভায় নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের দায়িত্ব গ্রহন এবং বিদায়ীদের দায়িত্ব হস্তান্তর উপলক্ষে আলোচনা সভায় নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ ও বিদায়ী মেয়র আক্তার হোসেন এসব কথা বলেন।
নব-দায়িত্বপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আব্দুল মনাফের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী স্বতীশ গোস্বামী এবং লুৎফুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, নব-নির্বাচিত সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর আয়ারুন নেছা, মিনা রাণী পাল, নার্গিস ইয়াসমিন, সাধারণ ওয়ার্ডের পুরুষ কাউন্সিলর খলিলুর রহমান, তাজিবুর রহমান, দিলোয়ার মিয়া, সফিকুল হক, গিয়াস উদ্দিন মুন্না, সুহেল আহমদ, আবাব মিয়া ও দ্বীপক কান্তি গোপ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর সচিব মোঃ মোবারক হোসেন, ব্যবসায়ী আলহাজ্ব আলা উদ্দিন ভূইয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস শহীদ, ছুরত আলী, আব্দুন নূর, ব্যবসায়ী দিলোয়ার হোসেন, নিকুঞ্জ কুমার দাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, ছাত্রলীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ। অনুষ্ঠান শুরুতে হলরুমে নব-নির্বাচিত মেয়র আব্দুল মনাফের কাছে বিদায়ী মেয়র আক্তার হোসেন আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং এক মেয়র আরেক মেয়রকে আবেগগণ পরিবেশে ফুলের মালা দিয়ে বরণ করেন।
অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া, সদস্য আলী আছগর ইমন, এমডি মুন্নাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।