Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে প্রাইভেট কারে আগুনের ঘটনায় নাশকতার মামলা

নবীগঞ্জ প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগে অজ্ঞাতদের আসামী করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- মহাসড়কের নাশকতাকারীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং-১৫ দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়- মঙ্গলবার সকালে উপজেলার গজনাইপুর ইউনিয়নের অন্তর্গত উত্তর গজনাইপুর জামিয়া ফুরকানিয়া দারুল উলুম মাদ্রাসার উত্তর পার্শ্বে ঢাকা-সিলেট মহাসড়ক এর উপর রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা আগুন লাগিয়ে চলে যায়। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার, এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাইওয়ে পুলিশের সহযোগীতায় মহাসড়ক থেকে প্রাইভেট কার সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ঘটনায় লোক চক্ষুর আড়ালে অজ্ঞাতনামা দুস্কৃতিকারীরা একে অপরের সহায়তায় রেজিষ্ট্রেশন বিহীন পুরাতন প্রাইভেট কারে আগুন লাগিয়ে ক্ষতিসাধন করে নাশকতার চেষ্টা করেছে অভিযোগে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের এসআই স্বাধীন চন্দ্র তালুকদার বাদী বিশেষ ক্ষমতা আইনে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.