শাকিলা ববি, হবিগঞ্জ | ০৩ ফেব্রুয়ারী, ২০১৬
ডিজিটাল উদ্ভাবনী মেলার ''Solve-A-Thon” প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছে বৃন্দাবন সরকারী কলেজের দূর্বার গ্রুপ।
মঙ্গলবার মেলার ২য় দিনে “আর্সেনিক ফিল্টার প্যানেল ” তৈরি করে বৃন্দাবন সরকারী কলেজের দূর্বার গ্রুপ। আর্সেনিক ফিল্টার প্যানেল তৈরি করেন বৃন্দাবন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সজীব চন্দ্র গোপের নেতৃর্ত্বে রাজু সরকার, সর্বানী ভট্টাচার্য ও ২য় বর্ষের ছাত্রী অনিন্দা সরকার। ফিল্টারটি তৈরি করতে বিশেষ পরার্মশদাতা হিসেবে ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আবদুল মজীদ।
সহজলভ্য দেশীয় উপকরন দ্বারা ফিল্টার তৈরি করতে ব্যবহার হয়েছে বালি, কাদামাটি, চুনাপাথর, ফেরিক অক্সাইড। এই আর্সেনিক মুক্তকরন ওয়াটার ফিল্টারটির কার্যকারিতা উপস্থাপন করা হয় প্রতিযোগিতার বিচারক স্থানীয় সরকার উপ-পরিচালক আব্দুর রউফ, নির্বাহী ম্যাজিস্ট্রিট শাহরিয়ার জামিলের সামনে।
আর্সেনিক ফিল্টার প্যানেলের উদ্ভাবক দলের সদস্য রাজু সরকার বলেন, পানির মাধ্যমে খুব তাড়াতাড়ি রোগ ছড়ায়। আর পানিবাহিত রোগের মধ্যে আর্সেনিক মারাত্মক ক্ষতিকারক এবং আর্সেনিকের বিষক্রিয়া দীর্ঘদিন পরে দেখা দেয়। আমাদের জানা মতে আয়রন মুক্ত পানির ফিল্টার আবিস্কার হলেও এখন পর্যন্ত আর্সেনিক মুক্ত পানির ফিল্টার আবিস্কার হয়নি। তাই আমরা পানিকে আর্সেনিক মুক্ত করার জন্য এই প্যানেল তৈরি করার উদ্যোগ নেই। বাংলাদেশে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০৫ এবং আমাদের প্যানেলে আর্সেনিক যুক্ত পানি পরিশোধিত করে পানির মাত্রা পাওয়া গেছে ০.০১। যা বাংলাদেশের সহনীয় মাত্রার চেয়ে অনেক কম।এই প্রজেক্টটিতে সরকারী বা বেসকারী ভাবে পৃষ্টপোষকতা পেলে আমাদের এই প্রজেক্টটি সারাদেশে সাধারন মানুষের কাছে পৌছেঁ দেয়া যাবে। যার ফলে অল্প খরচে মানুষ আর্সেনিক মুক্ত পানি ব্যবহার করতে পারবে।