Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুরে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক আরোহী।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টায় তিনজন আরোহী একটি মোটরসাইকেলে করে সিলেট-তামাবিল মহাসড়ক দিয়ে জৈন্তাপুর সদরের দিকে আসছিলেন। কাটাগাং নামক স্থানে পৌঁছালে মালবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

নিহতরা হলেন, জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর গ্রামের মৃত আলি আহমদ এর ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচ সেউতি গ্রামের হাসান আলীর ছেলে মো তোফায়েল (২৬)। এ ঘটনায় আহত উপজেলার বিড়াখাই এলাকার জালাল আহমেদ এর ছেলে সাব্বির আহমেদকে (৩২) সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের টিম স্থানীয়দের সহায়তায় মৃতদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসে। পরে নবাইকে ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.