শ্রীমঙ্গল প্রতিনিধি | ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু উদ্যান ও পাবলিক লাইব্রেরি অবৈধ দখলদার মুক্ত করা ও সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সচেতন নাগরিক সমাজ আয়োজনে এই সমাবেশ হয়। মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলার ভৈরবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফুয়াদ ইসলাম, সমাজকর্মী ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য তুহিন চৌধুরী, প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার মৌলভীবাজার প্রতিবেদক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মো. কাওছার ইকবাল, ৭১ টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি আহমেদ ফারুক মিল্লাদ, আবৃত্তিকার বিকাশ দাশ বাপ্পন, কবি জাবেদ ভুঁইয়া, জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজারের প্রতিনিধি নিলয় রশিদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শ্রীমঙ্গলের প্রতিনিধি মোজাহিদুল ইসলাম, ফারজানা নাজমিন নিশি, নৃত্য শিল্পী দ্বীপ দত্ত আকাশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. দেলোয়ার হোসেন, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী আফজাল হোসাইন, শিক্ষার্থী হোসাইন মোহাম্মদ আফজাল প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।