Sylhet Today 24 PRINT

সিলেটে ঝোপ থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

সিলেট সদর উপজেলার মোগলাও ইউনিয়নের একটি ঝোপ থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমর আলী (৬৫) একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের লালখা গ্রামের বাসিন্দা।

 বুধবার দুপুরে জালালাবাদ থানার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের পীরেরগাঁও গ্রামের এক ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত সমর আলী পেশায় ছাগল ব্যবসায়ী। ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে রাতের আঁধারে তাকে খুন করা হতে পারে বলে ধারণা পুলিশের।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,  মঙ্গলবার (২৫ ফেব্রয়ারি) সন্ধ্যা বেলা স্থানীয় পীরেরগাঁও মসজিদে মাগরিবের নামাজ পড়েন সমর আলী। তারপর তিনি ব্যবসায়িক কাজে বের হন। এসময় তার সাথে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। এরপর তাকে আর খোঁরেজ পাওয়া যায়নি।

বুধবার দুপুরে ঝোপরে মধ্যে সমর আলীর মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে যাওয়া জালালাবাদ থানার উপ পরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার দে বলেন,  নিহতের ডান কাঁধে জখম রয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছাগল বিক্রির টাকা ছিনিয়ে নিতে তাকে খুন করা হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে  বিস্তারিত জানা যাবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.