Sylhet Today 24 PRINT

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক |  ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

মধ্যরাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে সিলেট অঞ্চলে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের উত্তপত্তিস্থল ভারতের আসামে।

এমন তথ্য জানিয়ে আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন।

গভীর রাতে এ ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই টের পাননি। আবার সিলেট জেলার ও সিটি কর্পোরেশন এলাকার অনেক নাগরিকরা ভূমিকম্প টের পাওয়ার বিষয়টি জানিয়ে ফেসবুকে জানান দেন। এই ঘটনায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও জানা যায়।

বাংলাদেশে রাত ২টা বেজে ৫৫ মিনিটের সময় যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে তার উৎপত্তি স্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির খুবই কাছে খারুপাতিয়া নামক শহর থেকে ১৭ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। আমেরিকার ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে ভূমিকম্পটির মান ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।

যেহেতু এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে খুবই কাছে ও শিলংয়ের ডাউকি ফল্টের খুবই কাছে তাই আগামী ২৪ ঘণ্টায় একাধিক আফটার শক ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে আজ রাতে একাধিক ছোট-ছোট ভূমিকম্পের আশঙ্কা করা যাচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.