শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৩ মার্চ, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিকদের বহনকারী টাটা পিকআপ উল্টে প্রাণ হারিয়েছেন দুই শ্রমিক। আহত হয়েছেন আরও ১৮ জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩ মার্চ) দুপুরে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- বিশাল (১৭) ও হৃদয় (২৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৩ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পৌঁছালে টাটা পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ২০ যাত্রী গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিক উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, সোমবার সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত হওয়া ২০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। আহত বাকিদের অবস্থাও গুরুতর।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৬ জন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালে আসার পথে দুইজন মারা গেছেন।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।