Sylhet Today 24 PRINT

শান্তিগঞ্জে সর্দারসহ ৬ ‘ডাকাত’ গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি |  ০৩ মার্চ, ২০২৫

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন আন্তঃজেলা ডাকাতদলের সর্দার ও বাকীরা  ডাকাত বলে জানিয়েছে পুলিশ।

অভিযানে একটি দেশীয় তৈরি পাইপগান, চারটি কার্তুজ, দু’টি চাইনিজ কুড়াল, ছয়টি মোবাইল ফোন, একটি রামদা, একটি ছুরি, একটি শাবল, ৮ হাজার ১৯০ টাকাসহ অন্যান্য অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ ও সিলেটসহ বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

২ মার্চ রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে প্রথমে ডাকাতদলের প্রধান মর্তুজ আলীকে (৩৮) গ্রেপ্তার করা হয়। মর্তুজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুলবাঁক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের বাসিন্দা।

এরপর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আরও পাঁচজন ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত অন্যরা হলেন, দিরাই উপজেলার মির্জাপুর গ্রামের কফিল মিয়া (৪২), শান্তিগঞ্জ উপজেলার উপজেলার কাড়ারাই গ্রামের কবির হোসেন (৫০), বড়কাপন গ্রামের মো. সৈয়দ আলী (২১), একই গ্রামের এক কিশোর ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হেংলাকান্দি নোয়াগাঁও গ্রামের মিজানুর রহমান (৫০)।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকরাম আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে আন্তঃজেলা ডাকাতদলের সর্দার মর্তুজ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যেরভিত্তিতে আরও ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃদের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা ও একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়েছে।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.