Sylhet Today 24 PRINT

নবীগঞ্জে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে ২০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জ প্রতিনিধি |  ০৯ মার্চ, ২০২৫

নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে সিরাজুল ইসলাম চৌধুরী নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (৯ মার্চ) বিকেলে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। তিনি বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী এ দণ্ড দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একাধিক চক্র ফসলি জমির মাটি কেটে তা বিক্রি করে আসছে। এ বিষয়ে অভিযোগ পাওয়ার পর রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে কুর্শি ইউনিয়নের মুল্লারাই গ্রামে অভিযান চালানো হয়। অভিযানের সময় অভিযুক্তরা পালিয়ে গেলেও মাটি কাটায় ব্যবহৃত একটি ভেকু মেশিনের ব্যাটারি জব্দ করা হয়।

এ বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, "ফসলি জমির উর্বর মাটি কাটায় পরিবেশ ও কৃষির মারাত্মক ক্ষতি হয়। তাই জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, প্রশাসনের কড়াকড়ি সত্ত্বেও নবীগঞ্জের বিভিন্ন এলাকায় এখনো ফসলি জমির মাটি কাটার ঘটনা ঘটছে। তবে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকলে এ ধরনের অনিয়ম বন্ধ হবে বলে মনে করছেন স্থানীয়রা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.