Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট সীমান্ত থেকে ১২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ

নিজস্ব প্রতেবেদক |  ১২ মার্চ, ২০২৫

সিলেট গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা ১২ কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যা সিলেট সীমান্তে জব্দ হওয়া এযাবৎকালের সবচেয়ে বড় চালান।

বুধবার সন্ধ্যায় বিজিবি সিলেট সেক্টরের পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, বুধবার সকালে বিজিবি সিলেট সেক্টরের অধীনে ৪৮ ব্যাটালিয়ন গোয়াইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি, কসমেটিকস, জিরা, মাল্টাসহ অন্যান্য পণ্য।

জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়নের ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানের মালামাল জব্দ করা হয়। জব্দকৃত চোরাই  ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.