Sylhet Today 24 PRINT

সেনাবাহিনী বিষয়ে হাসনাত আব্দুল্লাহর স্ট্যাটাস শিষ্টাচার বহির্ভূত: নাসির পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মার্চ, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, ‘ক্যান্টনমেন্ট নিয়ে হাসনাত আব্দুল্লাহর বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয়নি। একইসঙ্গে এটি শিষ্টাচার বহির্ভূতও।’

শনিবার সিলেটে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে নিয়ে সম্প্রতি দেওয়া প্রধান উপদেষ্টার বক্তব্যের নিন্দা জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর কাজ যে বা যারা করবে তাদেরকে শক্ত হাতে আমরা প্রতিহত করবো। আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলন চলমান থাকবে। আরও বৃহৎ পরিসরে আন্দোলনে নেমে এ ব্যাপারে সময়সীমা বেঁধে দেবে এনসিপি।’

সিলেটে জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক ও রাজনীতিবিদদের সম্মানে নগরীর একটি কনভেনশন হলে এই ইফতার মাহফিল আয়োজন করে এনসিপি সিলেট জেলা কমিটি।

ইফতার মাহফিলে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের সদস্য, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.