Sylhet Today 24 PRINT

প্রিয় পাঠক, আপনাদের ধন্যবাদ

নিজস্ব প্রতিবেদক |  ২৭ এপ্রিল, ২০২৫

এক মাস বন্ধ থাকার পর আবার ফিরেছে সিলেটটুডে টোয়েন্টিফোর অনলাইন।

প্রিয় পাঠক, পুনর্যাত্রাক্ষণে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে থাকার জন্যে।

গত মাসের ২৪ তারিখে আমরা আমাদের নিউজ পোর্টালের যাত্রা সাময়িক সময়ের জন্যে স্থগিত করি। এই মধ্যবর্তী সময়ে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমাদের ফিরে আসার সাহস দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, এবং আগামী দিনগুলোতে আমাদের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

আপনাদের এই ভালোবাসায় আমরা আপ্লুত।

আমাদের নিউজপোর্টাল বন্ধ থাকার প্রধান কারণ ছিল আর্থিক। সিলেটের সুহৃদ সাংবাদিকদের দ্বারা ২০১৪ থেকে পরিচালিত হয়ে আসছে এই গণমাধ্যম। আমাদের সঙ্গে কোন কর্পোরেট প্রতিষ্ঠান নেই। আমরা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে কোনোভাবে বিজ্ঞাপন নিয়ে কোন কৌশলের আশ্রয় নিই না বলে, আমাদের প্রতিষ্ঠানে বিজ্ঞাপনের সমস্যা রয়েছে।

বিজ্ঞাপন এবং অর্থের সংস্থান ছাড়া কোন প্রতিষ্ঠান দীর্ঘদিন চালিয়ে যাওয়া কঠিন। আমরা এই কঠিন কাজ নিজেরাই চালিয়ে যাচ্ছি শুরু থেকেই।

বিজ্ঞাপন ছাড়াও বিবিধ প্রতিকূলতা রয়েছে কোন গণমাধ্যম চালানোর ক্ষেত্রে। আমরা প্রতি সমস্যার মুখে পড়েছি, এবং বিপুল বিক্রমে প্রতিবার সে সব সমস্যার সমাধান করে এসেছি। এখানে আমাদের পেশাদারত্ব, সাংবাদিকতা নীতি-নৈতিকতা মুখ্য হিসেবে কাজ করেছে। আমরা অনেকবারই হতাশ হয়েছি, কিন্তু ভেঙে পড়িনি।

এই এক মাসের স্থগিতের সময়ে আমরা ফের ফেরার সিদ্ধান্ত নিয়েছি কেবল আপনাদের কথা ভেবে। আমরা বিশ্বাস করি, পাঠক এবং পাঠকেরাই যেকোনো গণমাধ্যমের প্রাণ। গণমাধ্যম যদি তার স্বাতন্ত্র্য বজায় রাখে, তবে সকল প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব।

আমরা আপনাদের কথা বলে এসেছি শুরু থেকে। আমরা আপনাদের কথা বলে যাব আগামী দিনগুলোতে।

সিলেটটুডে টোয়েন্টিফোরের সঙ্গে থাকার জন্যে আপনাদের আবারও ধন্যবাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.