Sylhet Today 24 PRINT

সিলেটের দুই কিশোরীকে কক্সবাজারে পতিতাবৃত্তিতে বাধ্য, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২৮ এপ্রিল, ২০২৫

সিলেটের দুই কিশোরীকে কাজের প্রলোভন দেখিয়ে কক্সবাজারে পাঠিয়ে পতিতাবৃত্তিতে বাধ্য করার অভিযোগে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ ঘটনায় কিশোরীর মা রোববার দিবাগত রাতে শাহপরান থানায় মামলা করেন।

পরে সোমবার ভোরে অভিযান পরিচালনা করে দুই কিশোরীর প্রতিবেশী মুরাদ আহমেদ রাজু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করে শাহপরান (রহ.) থানা পুলিশ।

পুলিশ জানায়, ঢাকায় গার্মেন্টসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতিবেশী মুরাদ আহমেদ রাজু ও তার স্ত্রী দুই কিশোরীকে কক্সবাজার পাঠান। সেখানে তাদের ছেলে ইমন হোসেন ও মেয়ে মিলে ভিকটিমদের কক্সবাজারে দুটি হোটেলে ১৫ দিন আটকে রেখে পতিতাবৃত্তিতে বাধ্য করে।

পরবর্তীতে দুই কিশোরী সিলেটে ফিরে এসে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। তাদের সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রোববার দিবাগত রাতে শাহপরান (রহ.) থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেন। পরে সোমবার ভোর সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা পীরের বাজার টিকেরপাড়া এলাকা হতে দুই আসামিকে গ্রেপ্তার করে।

সিলেট মহানগর পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ [email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.