Sylhet Today 24 PRINT

রাতে গ্রেপ্তার, দুপুরে জামিনে মুক্ত শ্রমিকনেতা জাকারিয়া

নিজস্ব প্রতিবেদক |  ২৯ এপ্রিল, ২০২৫

সিলেট জেলা সিএনজিচালিত আটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদকে রাতে গ্রেপ্তার করেছিল পুলিশ, পরের দিন দুপুরে তিনি আদালত থেকে জামিন পেয়েছেন।

মঙ্গলবার (২৯ এ্রপ্রিল) দুপুরে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।

তিনি জানান, জাকারিয়া আহমদের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। গতকাল রাতে গোয়েন্দা পুলিশে গ্রেপ্তার করে, পরে আজ সকালে উনাকে সিলেট মেট্রোপলিটন মেজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়। ওখান থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন।

বিভিন্ন কারণে সিলেটে ব্যাপক আলোচিত-সমালোচিত জাকারিয়া আহমদ। তিনি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সম্পাদকের দায়িত্বেও রয়েছেন।

সোমবার (২৮ এপ্রিল) মধ্যরাতে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ মদিনা মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

জানা গেছে, জাকারিয়া আহমদের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলন চলাকালে হামলার অভিযোগ রয়েছে। এই অভিযোগে এসএমপির বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

এছাড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি থাকার সুবাদে তার বিরুদ্ধে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ সরকারের আমলে সিলেটে দাপট দেখিয়ে চলতেন জাকারিয়া। তার ডাকে শ্রমিকরা কোনো কারণ ছাড়াই সড়ক অবরোধ করে জনভোগান্তির সৃষ্টি করতেন বলে অভিযোগ রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.