শান্তিগঞ্জ প্রতিনিধি | ০৬ মে, ২০২৫
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় আলবি হোসেন (৩) নামের এক শিশু নিহত হয়েছে৷ নিহত আলবি জয়কলস ইউনিয়নের বৌগলারখাড়া গ্রামের সোহাগ মিয়ার ছেলে। এঘটনায় শিশুটির দাদা নূর উদ্দিন (৬৫) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ এপ্রিল) সকাল ৮ টার দিকে দিরাই-মদনপুর সড়কে উপজেলার জয়কলস ইউনিয়নের বৌগলারখাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮ টার দিকে দিরাই-মদনপুর আঞ্চলিক সড়কের বৌগলারখাড়া এলাকায় শিশু আলবি ও তারা দাদা হাঁটছিলেন। তখন পেছন থেকে দিরাইগামী একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১৬৮৪৯২) তাদেরকে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়৷ তখন দাদা নূর উদ্দিন গুরুতর আহত হন৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকরাম আলী বলেন, দিরাইগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে৷ ঘাতক পিকআপটি আটক করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।