নিজস্ব প্রতিবেদক | ০৩ ফেব্রুয়ারী, ২০১৬
সিলেটে রেঞ্জের উপ মহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান বলেছেন, জনগণের টাকায় দেশ পরিচালিত হয়। ওই টাকা থেকে পুলিশেরও বেতনসহ সব প্রয়োজন মেটানো হয়। তাই সঠিকভাবে সেবা দিতে হবে। এ কাজে পুলিশের গাফিলতির কোনো সুযোগ নেই।
বুধবার সিলেটে টিআরসি’র ৬ মাসব্যাপী মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আরএমএম সিলেট বিভাগীয় কমান্ড্যান্ট মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে মিজানুর রহমান বলেন, পুলিশ সদস্যদের মনে রাখতে হবে যদি এ বিভাগের একজন ব্যক্তি কোনো অপকর্মের সাথে সম্পৃক্ত হয় তবে তা পুরো পুলিশ বিভাগ কলংকিত করে। তাই প্রত্যেককেই সুন্দর ও সুশৃঙ্খলভাবে কাজ করতে হবে।
সিলেট ছাড়া দেশের সবক’টি বিভাগে ট্রেনিং সেন্টার রয়েছে উল্লেখ করে মিজানুর রহমান বলেন, যে ট্রেনিং কর্মসূচির উদ্বোধন হলো আজ তা পরিচালনা হচ্ছে নোয়াখালির আওতায়। তাই শিগগিরই সিলেটে পূর্ণাঙ্গ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।
উদ্বোধন অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সিলেটের পুলিশ সুপার নূরে আলম মিনা। কোরআন তেলাওয়াত করেন মাওলানা সিরাজুল ইসলাম।
ট্রেনিংয়ে সিলেট অঞ্চলের ৩ জেলা হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের মোট ৩শ’ ৪৩ জন অংশ নিচ্ছেন। তাদের মধ্যে মুক্তিযোদ্ধা কোটায় রয়েছে হবিগঞ্জে ৩৩ জন, সুনামগঞ্জে ৪১ জন ও মৌলভীবাজারের ১২ জন।