জকিগঞ্জ প্রতিনিধি | ০৬ মে, ২০২৫
আগামী শুক্রবার (৯ মে) হোসাইন আহমদের বিয়ের পীড়িতে বসার কথা। বিয়ের গেইটসহ অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন। সোমবার বিয়ের কেনাকাটা শেষে সিলেট থেকে মোটর সাইকেল যোগে বাড়িতে ফেরার পথে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যান হোসাইন আহমদ বাবুল (২৫)।
তিনি জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের শীতলজুড়াগ্রামের মখলিছুর রহমানের ছেলে। এসময় কাওছার আহমদ নামের অপর আরোহী আহত হয়েছেন।
জানা যায়, সিলেট থেকে বিয়ের কেনাকাটা শেষে মোটর সাইকেলযোগে নিজ বাড়ীতে আসার পথে বিকাল ২টায় সিলেট জকিগঞ্জ সড়কের মরইরতল এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে হোসাইন আহমদ ও কাওছার আহমদ আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় হোসাইন আহমদ মারা যান।
জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না জানান, দুর্ঘটনার খবর পেয়েছি। এ ব্যাপারে কোন অভিযোগ পেলে পুলিশ ব্যবস্থা নেবে।