Sylhet Today 24 PRINT

সিলেট বিআরটিএ অফিসে দুদকের অভিযান, কর্মকর্তার কক্ষ থেকে ব্ল্যাঙ্ক চেক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক |  ০৭ মে, ২০২৫

সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর সিলেট কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুুদক)। বুধবার (৭ মে) দুপুরে ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সিলেট বিআরটিএ অফিসে ৫০ কোটি টাকার ঘুষ বাণিজ্যের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান চালায় দুদক। অভিযানে সিলেট বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনর রুম থেকে ৫টি ব্ল্যাঙ্ক চেক, ৩টি মোবাইল ফোন এবং একটি হকিস্টিক উদ্ধার করা হয়।

অভিযোগ আছে হকিস্টিক দিয়ে বিভিন্ন সময় গ্রাহকদের অত্যাচার করতেন তিনি। এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদন ও গ্রাহকের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

তবে এসব অভিযোগের কথা অস্বীকার করেছেন অভিযুক্ত মোটরযান পরিদর্শক দেলোয়ার।

দুদক সিলেট অঞ্চল সহকারী পরিচালক আশরাফ উদ্দিন জানান, বিআরটিএ দেশের পরিবহন ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সংস্থাটির সেবার মান নিয়ে বহুদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। এমন অভিযোগের প্রেক্ষিতে সিলেট বিআরটিএ অফিসে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি।

তিনি বলেন, অভিযানে সিলেট বিআরটিএ অফিসের মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেনর রুম থেকে ৫টি ব্ল্যাংক চেক পাওয়া যায়। তার রুমের আলমারি থেকে ৩টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে, যেগুলো অবৈধ কাজে ব্যবহার করতেন তিনি প্রাথমিক ভাবে প্রমানিত হয়েছে। এছাড়া রুম থেকে একটি হকিস্টিক উদ্ধার করেছে দুদক। এটি দিয়ে বিভিন্ন সময় মানুষকে অত্যাচার করতেন তিনি এ অভিযোগও দুদকের কাছে রয়েছে। ৩টি মোবাইল জাচাই বাছাই করে সিলেট বিআরটিএ অফিসের পরিচালকের জিম্মায় দেওয়া হয়েছে।

এছাড়া রেকর্ড কিপার আব্দুর রাজ্জাকের কাছ থেকে একটি আবেদনে লাগানো গ্রাহকের ৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আমরা সংশ্লিষ্ট কাজপত্র সংগ্রহ করেছে। এগুলো পর্যালোচনা করে কমিশন বরাবর পাঠানো হবে।

তবে এসব অভিযোগের কথা অস্বীকার করে অভিযুক্ত মোটরযান পরিদর্শক দেলোয়ার হোসেন জানান, জব্দ করা মোবাইল ফোন বিভিন্ন অভিযানে জব্দ করা দাললদের। তার রুম থেকে উদ্ধার হওয়া হকিস্টিকটিও তার না। এছাড়া ঘুষ বাণিজ্যের যে অভিযোগে উঠেছে সেগুলোর সাথে তিনি জড়িত না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.