সিলেটটুডে ডেস্ক | ০৮ মে, ২০২৫
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর বাবা আব্দুল মোছাউয়ীর আনসারী (৮৫) মারা গেছেন।
বৃহস্পতিবার (৮ মে) সকাল ৭টা ২৫ মিনিটে ঢাকা সিএমএইচে ইন্তেকাল করেছেন তিনি। তিনি স্ত্রী, ৩ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
সিলেটের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেওয়া মরহুম আব্দুল মোছাউয়ীর আনসারী বাল্যকালে সৌদি আরবে প্রাইমারি শিক্ষা সম্পন্ন করে পরবর্তীতে বোম্বেতে উচ্চ শিক্ষা অর্জন করেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার বাবার মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
পোস্টে তিনি লেখেন, আব্বার জানাজা আজ বাদ আসর সিলেটের শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। আব্বার অন্তিম ইচ্ছা অনুযায়ী কেবল একটাই জানাজা সম্পন্ন করে দ্রুত আমার দাদা-দাদির কবরের পাশে শায়িত করা হবে।
তিনি আরও লেখেন, আব্বা সব ধরনের লৌকিকতার বিপক্ষে। আমার কিংবা আমার বাবার ফটো জুড়ে দিয়ে প্রচারে লিপ্ত না হওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জানাজায় শরিক হওয়ার জন্য একান্ত অনুরোধ করছি।