Sylhet Today 24 PRINT

চোরাইপণ্য বহনকালে সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সিলেটটুডে ডেস্ক |  ১৯ মে, ২০২৫

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছেন। বর্তমানে ওই যুবক হাসপাতালে ভর্তি হলেও তিনি শঙ্কামুক্ত।

সোমবার (১৯ মে) ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করার সময় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শামসুল হক (২৫) উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

বিবিসি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার ভোরে রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১নং দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য বহন করে আনার জন্য সামসুলসহ ৪/৫ জন প্রবেশ করে। এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হকের বাম হাতে ২টি ছররা গুলি লাগে। পরে গুলিবিদ্ধ সামসুল হকের সঙ্গে থাকা অন্যরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পরিবার বলছে, গুলিবিদ্ধ শামসুল হককে চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আশঙ্কামুক্ত।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটেলিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। একইসঙ্গে সীমান্ত আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.