Sylhet Today 24 PRINT

বড়লেখায় বেহাল শাহবাজপুর-থানাবাজার সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

বড়লেখা প্রতিনিধি: |  ২২ মে, ২০২৫

মৌলভাবাজারের বড়লেখায় সংস্কারের অভাবে শাহবাজপুর-দৌলতপুর-থানাবাজার সড়ক বেহাল হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। এতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ফলে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। স্থানীয়রা বিভিন্ন সময় সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসলেও কোনো লাভ হয়নি। সড়কটি দ্রুত সংস্কারের দাবিতে বুধবার (২১ মে) বিকেল সাড়ে পাঁচটায় উত্তর শাহবাজপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ ও শ্রমিক ঐক্য পরিষদের ব্যানারে শাহবাজপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শাহবাজপুর বাজারে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে পূর্ববাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা মো. ছাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মুজিব রাজা চৌধুরী, উত্তর শাহবাজপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক কাওছার হামিদ ছুন্নাহ, সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া চৌধুরী, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা ইমদাদুর রহমান, শ্রমিক নেতা নজির উদ্দীন, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলিম উদ্দিন, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক আহমেদ শরীফ জাহাঙ্গীর, ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, ইসলামি ছাত্র শিবিরের বড়লেখা উত্তর শাখার সাধারণ সম্পাদক হানজালা আহমদ, শাহবাজপুর কলেজ শিবিরের সভাপতি আবুল আজাদ সাজু প্রমুখ।