Sylhet Today 24 PRINT

চেয়ারম্যান বরখাস্ত, বিয়ানীবাজারে নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা ইউপি সদস্যের

নিজস্ব প্রতিবেদক |  ২৩ মে, ২০২৫

সিলেটের বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়ন পরিষদের সদস্য আলতাফ হোসেনের বিরুদ্ধে জোর করে ইউনিয়নটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের অভিযোগ উঠেছে।

বুধবার (২১ মে) দুপুর ১২টার দিকে নিজেকে ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন ইউনিয়নটির ৩ নং ওয়ার্ডের সদস্য।

তিনি বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেনের বড়ভাই।

অভিযোগ উঠেছে, ভাইয়ের ক্ষমতা বলেই ইউনিয়ন পরিষদকে নিজের আয়ত্তে নিয়েছেন তিনি।

ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর ইউপি সচিবের কক্ষে ইউপি সদস্যরা যে যার মত করে প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন ও প্যানেল চেয়ারম্যান-২ ফয়জুল হক নজমুলকে সমর্থন জানান। এতে পাঁচজন সদস্য আলতাফ হোসেনকে এবং চারজন ফয়জুল হক নজমুলকে সমর্থন জানান। তবে এ বিষয়ে কোনো সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি।

এদিকে অপর আরেকজন সদস্য আইনি বৈধতার কথা উল্লেখ করে ভোটদান থেকে বিরত থাকেন। এ ধরনের ভোটের আইনি বৈধতা আছে কি না এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে কথা বলে তার সমর্থন দেওয়ার কথা জানান তিনি।

এ অবস্থায় বুধবার দুপুরে আলতাফ হোসেন জোরপূর্বক বন্ধ কার্যালয় খুলে চেয়ারম্যানের চেয়ারে বসে কার্যক্রম শুরু করেন এবং নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে ঘোষণা করেন।

পরিষদের সদস্যরা জানান, আলতাফ হোসেনের ভাই বিএনপি নেতা সরোয়ার হোসেন দলীয় প্রভাব খাটিয়ে ইউনিয়ন পরিষদের সচিবকে ম্যানেজ করে একদিনের মধ্যে বর্তমান পরিষদের সদস্যদের প্রকাশ্যে মতামত দেওয়ার আয়োজন করেন। এতে ইউপি সদস্যরা দ্বিমত পোষণ করলে দুইভাই মিলে তাদেরকে মামলা-হামলার ভয়ভীতি দেখান।

ফয়জুল হক নজমুল, সেলিম উদ্দিন, সৈয়দুর রহমানসহ একাধিক সদস্য জানান, আলতাফ হোসেন সচিবকে দিয়ে মেম্বারদেরকে বরখাস্ত করার হুমকি দেন।

মাথিউরা ইউপি সচিব মো. তাজ উদ্দিন হুমকি-ধামকির বিষয়টি অস্বীকার করে জানান, মঙ্গলবার রেজুলেশন নিয়ে অফিসে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে পাইনি। তবে বুধবার সকালে ইউপি সদস্য আলতাফ হোসেন এসে জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা উনাকে বলেছেন আর্থিক বিষয় ছাড়া ইউনিয়নের জনবান্ধব বিষয়ের সব কার্যক্রম চালানোর লক্ষ্যে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। তবে উপজেলা থেকে তাকে কোনো নির্দেশনা দেওয়া হয়নি বলে জানান ওই ইউপি সচিব।

এ ব্যাপারে স্বঘোষিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করা আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনকে মুঠোফোনে কল করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তফা মুন্না বলেন, ‘মাথিউরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কে হবেন, না হবেন সেটি নির্ধারণ করবেন সিলেটের জেলা প্রশাসক। আলতাফ হোসেন মেম্বার চেয়ারম্যানের চেয়ারে বসলে সেটি আইনিভাবে অবৈধ। কেউ অভিযোগ করলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

এ ব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে আমি খোঁজ নিয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।’

উল্লেখ্য, এর আগে গত ১৯ মে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। নিয়মনুযায়ী পদ শূন্য হওয়ায় জেলা প্রশাসক ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়োগ দিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.