নিজস্ব প্রতিবেদক | ২৫ মে, ২০২৫
মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এখন তার অধিকারের প্রশ্নে জেগেছে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মিল-অমিল থাকবে। এসব দেখে আবার পলাতকরা যদি মনে করে এখন সময় এসেছে ঝোপ বুঝে কোপ মারার, তাহলে আমি বলব এটি বাংলাদেশে আর হবে না। এ জন্য আমাদের একমাত্র বিকল্প হচ্ছে সর্বজনীন ঐক্য। আমাদের ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।’
শনিবার (২৪ মে) বিকেল সাড়ে চারটায় সিলেট পিটিআই অডিটোরিয়ামে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় সিলেটে প্রবাসীদের মেধাবী সন্তানকে শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী ভাতা, প্রবাসে মারা যাওয়া সদস্যের পরিবারকে আর্থিক অনুদান, বিমা সুবিধা ও মৃত্যুজনিত ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ১৫৪ জনকে ৫ কোটি ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুশফিকুল ফজল আনসারী। বিশেষ অতিথি ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া।
অনুষ্ঠানে রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী আরও বলেন, ‘সিলেট একটি প্রবাসী-অধ্যুষিত এলাকা। এই এলাকার বহু মানুষ বিশ্বের বিভিন্ন দেশে আছেন। গত ২০২৩-২৪ অর্থবছরে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিরা ৩০ বিলিয়ন ইউএস ডলার রেমিট্যান্স হিসেবে দেশে পাঠিয়েছেন। এর মধ্যে শুধু সিলেটের প্রবাসীরা পাঠিয়েছেন ৮ বিলিয়ন ইউএস ডলার। এ থেকে বোঝা যার সিলেট অঞ্চলের প্রবাসীরা দেশের অর্থনীতিতে কী পরিমাণ ভূমিকা রাখছেন। তাই আজকের এই চেক পেয়ে আপনারা মনে করবেন না যে সরকার আপনাদের করুণা করছে। এই টাকা কিন্তু সরকার দিচ্ছে না, আপনাদের টাকাই আপনাদের দেওয়া হচ্ছে। বরং আপনারা আমাদের বেতন দিচ্ছেন।’
ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ, সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. রেজাউল করিম প্রমুখ।