Sylhet Today 24 PRINT

বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মর্মান্তিক মৃত্যু

বড়লেখা প্রতিনিধি |  ২৫ মে, ২০২৫

প্রতীকী ছবি

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (২৫ মে) সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার বড়থল আদর্শ গ্রামের কাউছার আহমদের ছেলে।

জানা গেছে, রোববার সকালে মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার এক পর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।

বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.