Sylhet Today 24 PRINT

জমি সংক্রান্ত বিরোধে কমলগঞ্জে শিক্ষককে কুপিয়ে হত্যা, আহত ৫

মৌলভীবাজার প্রতিনিধি |  ২৭ মে, ২০২৫

মৌলভীবাজারের কমলগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে রোজিনা বেগম (৪০) নামে এক শিক্ষিকাকে কুপিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। এ ছাড়া এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

রোজিনা বেগম একই এলাকার মৃত নিজাম মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি কেজি স্কুলের প্রধান শিক্ষক।

আহতরা হলেন- ধলাইরপার এলাকার মৃত চেরাগ মিয়ার ছেলে জালাল মিয়া, ভাষানীগাঁও গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে হারুন মিয়া, তার স্ত্রী নুরুন নাহার লুবনা, আব্দুর রহিমের ছেলে রেজাউল আহমেদ সাগর ও সাগরের মামা আজবর মিয়া।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ভাষানীগাঁও গ্রামে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও সোমবার সকালে ভেকু মেশিন দিয়ে কৃষিজমির মাটি কাটছিলেন স্থানীয় আব্দুর রহিম। খবর পেয়ে জালাল মিয়া মাটি কাটায় বাধা দেন। পরে আব্দুর রহিমের ছেলে সাগর তার মামা আজবর মিয়া ও মনির মিয়াসহ কয়েকজনকে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। হামলায় জালাল আহমেদের পায়ের রগ কাটা পড়ে এবং কুপিয়ে রক্তাক্ত করা হয় রোজিনা বেগমকে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোজিনাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

মাধবপুর ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য মোতাহের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.