Sylhet Today 24 PRINT

ফেসবুক ভোটাররা ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে চায়: নাসের রহমান

সিলেটটুডে ডেস্ক |  ০৫ জুন, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান বলেছেন, ফেসবুক ভোটাররা দেশে নির্বাচন চায় না। তারা মুহাম্মদ ইউনূসকে ৫ বছর ক্ষমতায় রাখতে চায়। 

তিনি বলেছেন, ‘বাচ্চাদের একটা দল আছে। ন্যাশনাল চিলড্রেনস পার্টি। জাতীয় শিশু পার্টি। এই শিশু পার্টিদের সবারই বয়স হলো ২৭ থেকে ২৮ বছর। এই বাচ্চা পার্টিকে দল গঠনে সুবিধা দিতে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করা হচ্ছে। তারা সরকারে ভেতরে থেকে দল বানিয়ে নির্বাচনে সুবিধা নিতে চায়। এদের যতই হৃষ্টপুষ্ট করা হয় তার পরও কোনো ভোট পাবে না।’

গতকাল বুধবার (৪ জুন) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ১০ নং হাজীপুর ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নাসের বলেন, ‘দেশের মোট ভোটার হলেন সাড়ে ১২ কোটি। আর ফেসবুক ভোটার হচ্ছে ৫০ লাখ বা আরো কম। এর মধ্যে একটি অংশ সংস্কারের দোহাই দিয়ে নির্বাচনের বিরোধিতা করছে। তাহলে ১২ কোটির ওপরে যেসব ভোটার রয়েছেন তার তো কোনো কথা বলেননি। তারা কি কেউ ফেসবুকে বলেছেন যে আমি নির্বাচন চাই না। আসলে নির্বাচন দেশের মানুষ সবাই চায়। কারণ বিগত সাড়ে ১৫ বছর দেশের মানুষ তাদের ভোট দিতে পারেনি। তারা তাদের পছন্দের সরকার গঠন করতে পারেনি।’

তিনি বলেন, ‘আজকাল দেশে নির্বাচন নিয়ে বেশি মাতামাতি হচ্ছে। মফস্বল, টাউন, গ্রামাঞ্চলে যারা থাকেন তারা সবাই নির্বাচন চান। আর শহরের ভেতরে যাদের মোবাইল ফোন আছে, এদের একটি অংশ যাদের ফেসবুক আছে ওই ফেসবুকওয়ালারা দেশে নির্বাচন চান না। ফেসবুক খুলে কমেন্টে দেখবেন তারা নির্বাচন চায় না। তারা পাঁচ বছর ড. ইউনূসকে চায় বলে কমেন্ট করে পোস্ট করে। এরা হলো ফেসবুক ভোটার।’

ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র দের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, আলহাজ্ব আব্দুল মুকিত ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শওকতুল ইসলাম শকু। বক্তব্য রাখেন—উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিল জামাল, আহ্বায়ক কমিটির সদস্য শামীম আহমেদ চৌধুরী ও হারুন মিয়া প্রমুখ। এর আগে অতিথিদের সাথে নিয়ে সম্মেলনের উদ্ভোধন করেন কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদোয়ান খাঁন।

সম্মেলন শেষে কাউন্সিলে গোপন ব্যালেটে আগামী দুই বছরের জন্য সাবেক ইউপি সদস্য ইয়াকুব আলী সভাপতি, ইউপি সদস্য মনিরুজ্জামান হেলাল সাধারণ সম্পাদক এবং আহরারুজ্জান আকরার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.