শ্রীমঙ্গল প্রতিনিধি | ০৬ জুন, ২০২৫
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সীমান্ত এলাকায় গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে মিডিয়া ব্রিফিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৬ জুন) সকালে শ্রীমঙ্গলস্থ বিজিবির ৪৬ ব্যাটালিয়ন এর আয়োজনে প্রেসব্রিফিং এ বক্তব্য রাখেন ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এ এস এম জাকারিয়া। এসময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ, সহকারী পরিচালক ফিরোজ হোসেন।
প্রেস ব্রিফিংয়ে বিজিবি জানায়, আসন্ন ঈদ উল আজহাকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে গরু চোরাচালান এবং চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ কোরবানির পশু মজুদ রয়েছে। দেশীয় খামারিরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, এজন্য পার্শ্ববর্তী দেশ থেকে যাতে গরু দেশে ঢুকতে না পারে, সেজন্য বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে সীমান্ত দিয়ে পাচার হয়ে যেতে না পারে, সেজন্যও সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে বিজিবি। এছাড়া ঈদের দীর্ঘ ছুটিতে দেশের জনগণ যাতে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে সেজন্য বিজিবি সদস্যরা সীমান্তের নিরাপত্তা বিধান, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামায়াত ইত্যাদির নিরাপত্তা বিধানে সদা সচেষ্ট ও তৎপর থাকবে।
সাম্প্রতিককালে সীমান্ত দিয়ে পুশইন প্রতিরোধে বিজিবি সীমান্তে কঠোর নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সাথে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে পুশ-ইন করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানাচ্ছে।