Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ঈদ উদযাপন করবেন জামায়াত আমির ডা. শফিক

কুলাউড়া প্রতিনিধি |  ০৬ জুন, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আসন্ন ঈদুল আজহা নিজ সংসদীয় এলাকা (মৌলভীবাজার-২) কুলাউড়ায় উদযাপন করবেন। এ উপলক্ষে তিনি তিনদিনের সফরে কুলাউড়া ও বড়লেখা উপজেলায় অবস্থান করবেন।

শুক্রবার দুপুরে মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ইয়ামির আলী জানান, কেন্দ্রীয় আমিরের সফরসূচি অনুযায়ী ঈদের দিন শনিবার সকাল ৮টায় তিনি তার নিজ গ্রাম ভাটেরা ইউনিয়নের তুলাপুর পাঁচগাঁও ঈদগাহে ঈদের জামায়াতে অংশ নেবেন। একইদিন বাদ মাগরিব কুলাউড়া পৌরসভা মিলনায়তনে সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

সফরের দ্বিতীয় দিন রোববার দুপুর ১২টায় কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় এবং বাদ মাগরিব কর্মধা ইউনিয়নের কাঁঠালতলী বাজারে এক মতবিনিময় সভায় অংশ নেবেন।

তৃতীয় দিন সোমবার সকাল সাড়ে ১০টায় বড়লেখা বাজারে ঈদ পুনর্মিলনী এবং বিকাল সাড়ে ৪টায় জেলা পরিষদ মিলনায়তনে অমুসলিমদের নিয়ে আয়োজিত সমাবেশে অংশ নিবেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.