Sylhet Today 24 PRINT

জাফলংয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |  ১১ জুন, ২০২৫

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে মো. মাহিম (১৬) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।

বুধবার (১১ জুন) দুপুর দেড়টার দিকে জাফলং জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

মো. মাহিম চট্টগ্রামের বায়োজিদ থানার শহীদপাড়া এলাকার মো. জামিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার মাহিমসহ তারা ৪০ জন বড় বাসে সকাল ১০টার দিকে জাফলংয়ে আসে। দুপুরের দিকে মাহিমসহ কয়েকজন জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে মাহিম পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন এবং স্থানীয় ডুবুরিরা এক ঘণ্টা পর তাকে উদ্ধার করেন।

মাহিমের দাদি সালমা বেগম বলেন, ‘বুধবার আমার নাতি মাহিম ও তার ছোট ভাই ফাহিমকে নিয়ে বেড়াতে আসি। হঠাৎ মাহিমকে কেউ খোঁজে পাই না। পরে শুনি মাহিম পানিতে পড়ে যায়। আমার নাতিকে এখন হারিয়ে ফেলছি। এখন আমি তার বাবা-মাকে কী জবাব দেব।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে জাফলং টুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.