Sylhet Today 24 PRINT

দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ: এবার সেই ছাত্রদল নেতাকে শোকজ

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০২৫

সিলেটের গোয়াইনঘাটের পর্যটনকেন্দ্র জাফলং পরিদর্শন শেষে ফেরার পথে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ার ঘটনায় এবার পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের সই করা এক চিঠিতে আজিরকে কারণ দর্শাতে বলা হয়।  রাত পৌনে আটটার দিকে বিষয়টি  নিশ্চিত করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

আজির উদ্দিন গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন শাখা ছাত্রদলের সভাপতি পদে আছেন। পাশাপাশি তিনি ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় জাফলং এলাকায় বালু-পাথর ব্যবসার সঙ্গে জড়িত। শ্রমিকদের কর্মসংস্থানের দাবিতে এর আগে বিভিন্ন বিক্ষোভেও আজির নেতৃত্ব দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপদেষ্টাদের গাড়ি বহন আটকে প্রথম সরাসরি কথা বলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদল সভ্পাতি আজির উদ্দিন।

তিনি উপদেষ্টা রিজওয়ানাকে সরাসরি বলেন, ‘ম্যাডাম পাথর না তুললে আমাদের এলাকা বন্যা কবলিত হয়ে পড়ে। পাথর কোয়ারি বন্ধ থাকলেও চুরি হয়ে যাচ্ছে। পাথর তুলতে হবে। এ ছাড়া আর কোনো পথ নেই।’ আজির এ কথা বলার পর ‘ভুয়া ভুয়া’স্লোগান শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে আজিরকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে দেখা গেছে।

এ ব্যাপারে কথা বলতে চাইলে আজির বলেন, ‘আমি না, আমরা যা করেছি তা এলাকাবাসীর স্বার্থে করেছি। এ নিয়ে আমার ভিডিওতে আমার বক্তব্য আছে।’

এর আগে রোববার সকালে জাফলংয়ে বিক্ষোভে নেতৃত্ব দেওয়ায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।

আজিরকে পাঠানো নোটিশে বলা হয়, ‘ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।’

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ নির্দেশনা দিয়েছেন বলে কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে।

শনিবার সকালে জাফলং এলাকা পরিদর্শনে যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফেরার পথে গোয়াইনঘাটের বল্লাঘাট এলাকায় তাদের গাড়িবহর আটকে দেন বালু-পাথর ব্যবসায়ী ও শ্রমিকেরা। তাঁরা বন্ধ থাকা জাফলংসহ সিলেটের পাথর কোয়ারিগুলো চালুর দাবিতে স্লোগান দেন।

একাধিক ছবি ও ভিডিওতে দেখা যায়, বিক্ষোভে নেতৃত্বে ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজির উদ্দিন, জ্যেষ্ঠ সহসভাপতি সুমন শিকদার, জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সোহেল আহমদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবদুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম, ধর্মবিষয়ক সম্পাদক রমজান মোল্লা ও আজ বহিষ্কৃত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ খান।

এ বিষয়ে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের যাঁরা উপদেষ্টাদের গাড়িবহর আটকে দিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন, তাঁদের শনাক্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.